শেষ দিনটি মাতাবেন কানিজ সূবর্ণা

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৫, ২১:১৮
এ বছরটা সঙ্গীতাঙ্গনে সরব ছিলেন সঙ্গীতশিল্পী কানিজ সূবর্ণা। অনেকদিন বিরতির পর বছর-জুড়েই আলোচনায় ছিলেন এই জনপ্রিয় শিল্পী। বছরের শেষ দিনটা ভক্তদের জন্য চমক নিয়ে আসছেন তিনি। নতুন বছরে এবার ভক্তদের সাথেই মাতবেন তিনি।
 
হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনের থার্টি-ফার্স্ট নাইট সেলিব্রেশনে অংশ নেবেন কানিজ সুবর্ণা। এই আয়োজনে থাকবে গান, নাচ, ফ্যাশন শোসহ অনেককিছু। অনুষ্ঠানে নাচবেন নায়লা নাঈমসহ অনেকেই। ফ্যাশন শোতে অংশ নেবেন ইমি, মারিয়া, আঁখি, মাশিয়াত ও ঝুমর। অনুষ্ঠান শুরু হবে রাত আটটায়।
অনুষ্ঠানের সার্বিক আয়োজনের আনুষ্ঠানিকতা এরইমধ্যে সম্পন্ন করা হয়েছে। অনুষ্ঠানটির প্রধান আয়োজক রুবাঈয়াত ঠাকুর রবিন।
 
অনুষ্ঠানটি প্রসঙ্গে তিনি বলেন, ‘এ অনুষ্ঠানটি থার্টি-ফার্স্টের সেরা কনসার্ট। দর্শকদের জন্য সব ধরনের সুযোগ রাখা হয়েছে। তাদের পূর্ণ বিনোদনের জন্য পুরো অনুষ্ঠানটিই কয়েকটি ভাগে সাজিয়েছি। আশা করি সুষ্ঠু একটি অনুষ্ঠান আমরা উপহার দিতে পারবো।’
 
‘থার্টি-ফার্স্ট নাইট সেলিব্রেশন’ প্রসঙ্গে কানিজ সুবর্ণা বলেন, ‘অনেকদিন পর বড় একটি অনুষ্ঠানে পারফর্ম করতে যাচ্ছি। আমার ভক্তদের আমন্ত্রণ, তাদের উল্লাসে পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগতম জানাতে চাই।’ অনুষ্ঠানটির টিকিট পাওয়া যাবে রেডিসন হোটেলের লবিতে।