২৬ পৌরসভায় ফের ভোট দাবি জাপার

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৫, ২১:৪৫
 
বিভিন্ন স্থানে দলীয় প্রার্থী ও তাদের এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া, এজেন্টদের শারীরিকভাবে লাঞ্ছিত করা এবং কেন্দ্র দখল, ভোট জালিয়াতিসহ নানা অনিয়মের অভিযোগ করেছে জাতীয় পার্টি (জাপা)। ভোট শেষে বুধবার বিকেলে রাজধানীর কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ এনে ২৬টি পৌরসভায় পুনরায় নির্বাচন দাবি করেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া।
 
জাপার পক্ষে রেজাউল ইসলাম বলেন, বর্তমান নির্বাচন কমিশনের ভূমিকায় তার দল সন্তুষ্ট নয়। এই কমিশনের অধীনে দেশে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, সেটিই এই পৌরসভা নির্বাচনের ঘটনায় প্রমাণ হয়েছে। তিনি বলেন, বিশেষ করে সরিষাবাড়ি পৌরসভার ১৮টি কেন্দ্র, জামালপুর সদর, লাকসাম, দিরাই, হবিগঞ্জ সদর, নওগাঁ, নাটোর, টাঙ্গাইলের সখিপুর, নড়াইল সদর, বরাইগ্রাম, সিরাজগঞ্জ সদর, গাংনী, বীরগঞ্জ, হাকিমপুর, মুক্তাগাছা, মদনপুর, পটিয়াদি, পাংশা, বাঁশখালি, সাতকানিয়া, গোয়ালন্দ, পটিয়া, বান্দরবনের প্রায় সবক’টি কেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী কর্তৃক ভোট ডাকাতি, কেন্দ্র দখল ও জালভোট দেওয়া হয়েছে। কুয়াকাটা ও কালাইসহ কয়েকটি এলাকায় জাপা দলীয় প্রার্থীদের শারীরিকভাবেও লাঞ্ছিত করা হয়েছে। সাতকানিয়া ও জামালপুর সদরে জাপার মেয়র প্রার্থীরা নিজের ভোটও দিতে পারেনি।
 
দলের প্রেসিডিয়াম সদস্য সাইদুর রহমান টেপা, সুনীল শুভরায়, হাজী সাইফুদ্দিন মিলন, যুগ্ম-মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, আরিফুর রহমান খান, নুরুল ইসলাম নুরু, সাংগঠনিক সম্পাদক জহিরুল আলম রুবেল, দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ, তথ্য ও গবেষণা সম্পাদক মনিরুল ইসলাম মিলন প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।