বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় পরবর্তী তদন্তকরী কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ ৭ জানুয়ারি ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য এদিন ধার্য করা হয়।
ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দারের আদালতে সাক্ষ্য দেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপ-পরিচালক হারুন অর রশীদ। তার সাক্ষ্যগ্রহণ শেষ না হওয়ায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য এদিন ধার্য করা হয়।
এর আগে খালেদার আইনজীবীরা জেরা করেন মেট্রোমেকার্স অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের সিনিয়র ম্যানেজার রশীদ জামানকে।
এদিকে অসুস্থতার কারণে বৃহস্পতিবার আদালতে হাজির হতে পারেননি খালেদা জিয়া। তার পক্ষে আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, জয়নুল আবেদীন মেজবাহ ও তাহেরুল ইসলাম তৌহিদ হাজিরা দেন।
