নতুন বছর উদযাপনে সতর্ক ইউরোপ

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৫, ১৮:১৩
নতুন বছর উদযাপনের আগে জঙ্গি হামলার আশঙ্কা ইউরোপ জুড়ে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। বেলজিয়ামে নতুন বছর উদযাপনে আতশবাজি ও অন্যান্য অনুষ্ঠান বাতিল করেছে কর্তৃপক্ষ।
 
এছাড়া লন্ডন, প্যারিস, বার্লিন ও মস্কোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তুরস্ক জানিয়েছে, রাজধানীতে একটি জঙ্গি হামলা তারা আটকে দিতে পেরেছেন। কয়েকদিন আগে অস্ট্রিয়ান পুলিশ জানিয়ে ছিল, একটি ‘বন্ধুভাবাপন্ন’ জঙ্গি সংগঠন তাদের থার্টি ফার্স্ট নাইটে জঙ্গি হামলার বিষয়ে সতর্ক করেছে। 
 
বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লস মিশেল বলেন, নতুন বছর উদযাপনের অনুষ্ঠান নতুন পাওয়া তথ্যের ভিত্তিতে বাতিল করা হয়েছে। রাজধানী ব্রাসেলসের মেয়র ইভান মায়ার বলেন, এই অবস্থায় আমরা সবকিছুতো আর চেক করে দেখতে পারবো না। গত বছরও ব্রাসেলসে নতুন বছর উদযাপনের সময়ে এক লাখ মানুষের সমাগম হয়েছিল।  গত নভেম্বরে সন্ত্রাসী হামলার শিকার প্যারিস আতশবাজির প্রধান অনুষ্ঠান বাতিল করেছে তবে চ্যাম্পস এলিসি-তে লোকসমাগম হবে, সেখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। কোনো নির্দিষ্ট জায়গায় যাতে খুব বেশি ভিড় না হয় সে জন্য চারটি বড় স্ক্রিনের মাধ্যমে অনুষ্ঠান প্রদর্শন করা হবে।
 
IMG0
 
তুরস্কে বুধবারে দুই আইএস জঙ্গি গ্রেফতার হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, তারা নতুন বছরের উদযাপনের অনুষ্ঠানে হামলা করার পরিকল্পনা করছিল। রাশিয়া রেড স্কয়ার বন্ধ ঘোষণা করেছে।
 
IMG1
 
বার্লিনে আতশবাজি ও ব্যাকপেক নিয়ে নতুন বছরের উদযাপনের অনুষ্ঠানে আসা নিষিদ্ধ করেছে। ঐতিহাসিক ব্রান্ডেনবার্গ গেটের কাছে প্রায় দশ লাখ লোক সমাগমের কথা রয়েছে। লন্ডনে প্রায় ৩০০০ পুলিশ নিয়োজিত থাকবে নিরাপত্তার দায়িত্বে। প্রায় এক লাখ মানুষ শহরের মেয়র আয়োজিত আতশবাজির অনুষ্ঠানে যোগ দেবে বলে আশা করা হচ্ছে।