অনেক প্রতিকূলতার পর অবশেষে বুধবার সেন্সরে জমা পড়েছে মেহের আফরোজ শাওনের চলচ্চিত্র ‘কৃষ্ণপক্ষ’। এ বিষয়ে চলচ্চিত্রটির সহকারী পরিচালক জুয়েল রানা জানান, 'সব কিছু ঠিক থাকলে আগামী বছরের ২৯ ফেব্রুয়ারি চলচ্চিত্রটি মুক্তি পেতে পারে।'
রিয়াজ-মাহি ছাড়াও চলচ্চিত্রটিতে আর অভিনয় করেছেন ফেরদৌস, তানিয়া আহমেদ, মৌটুসি বিশ্বাস, আজাদ আবুল কালাম, কায়েস আহমেদ, ফারুক আহমেদ প্রমুখ।ইমপ্রেস টেলিফিল্ম ও মেহের আফরোজ শাওনের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের কৃষ্ণপক্ষ উপন্যাস অবলম্বনে নির্মাণ করা হয়েছে চলচ্চিত্রটি।
শুটিং চলাকালীন সময়ে চলচ্চিত্রের অন্যতম প্রধান অভিনয়শিল্পী রিয়াজের হঠাৎ অসুস্থতায় সব হিসেব-নিকেশ পাল্টে যায় চলচ্চিত্রটির। আর তাই হুমায়ূন আহমেদের জন্মদিনেই চলচ্চিত্রটির মুক্তি পাওয়ার কথা থাকলেও মুক্তি পেতে যাচ্ছে আগামী ২৯ ফেব্রুয়ারি ।সপ্তাহ-খানেক আগে ‘কৃষ্ণপক্ষ’ ছবির শুটিং শেষ হয়েছে।
