মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় কৌতুকাভিনেতা বিল কসবির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে যৌন হয়রানির অভিযোগ আনা হয়েছে। যৌন হয়রানির মামলায় তিনি ফিলাডেলফিয়ার একটি আদালত হাজিরা দিয়ে ১০ লাখ ডলার জামানত দিয়ে জামিন নিয়েছেন। এর আগে সংক্ষিপ্ত শুনানি অনুষ্ঠিত হয়।
তার বিরুদ্ধে ২০০৪ সালে এক নারীকে চেতনানাশক ওষুধ খাইয়ে যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আরো কয়েকজন নারী একই অভিযোগ এনেছেন। এর মধ্যে এটিই প্রথম আনুষ্ঠানিক অভিযোগ পত্র। মামলার সরকারি কৌঁসুলি কেভিন স্টিল তার বিরুদ্ধে মামলার বিস্তারিত জানিয়েছেন।
স্টিল বলছেন, বিল কসবি এই নারীর বন্ধু ও মেন্টর। ঘটনার আগে বিল কসবি দু’বার তার প্রতি যৌন আগ্রহ প্রকাশ করেন। তবে ওই নারী তাতে রাজি হননি। এরপর এক সন্ধ্যায় কসবি তাকে চেতনানাশক ওষুধ খাইয়ে যৌন নির্যাতন করেন।
কসবি স্বীকার করেছেন যে তিনি নারীদের ঘুমের ওষুধ দিতেন। তবে সেটা তাদের অজান্তে নয় বলে দাবি করেন তিনি। আশির দশকে যুক্তরাষ্ট্রে ‘দ্য কসবি শো’ ছিল অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান এবং বিল কসবি ছিলেন বিনোদন জগতে অত্যন্ত উঁচু দরের ব্যক্তিত্ব। এএফপি।
