নতুন বছরে চলচ্চিত্রে নিয়মিত হতে চাই : সজল

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৫, ২১:৩০
দীর্ঘদিন ধারাবাহিক নাটকে কোনো দেখা নেই অভিনেতা সজল-এর। তবে বিশেষ দিনের বিশেষ অনুষ্ঠানের একক নাটকের আধিপত্য বরাবরই সজলের নিজের দখলে। বিগত কয়েক বছর যাবত এই ধারাবাহিকতা অত্যন্ত সফলভাবেই রক্ষা করছেন তিনি। গত বছরেও একক নাটক নিয়ে ছিলেন খবরের শিরোনামে। এছাড়া নাটকের পাশাপাশি ‘রান আউট’ চলচ্চিত্রটিও মুক্তি পায় তার। চলচ্চিত্রটির মাধ্যমে বেশ প্রশংসা অর্জন করেন সজল।
 
চলচ্চিত্রটি প্রসঙ্গে সজল বলেন, ‘ছোটপর্দা ও বড়পর্দায় কাজের ক্ষেত্রে আমার আলাদা একটা অনুভূতি কাজ করে। আমি অনেকদিন যাবত ছোটপর্দায় কাজ করছি। সেই অভিজ্ঞতা সিনেমাতে কাজের ক্ষেত্রে দারুণভাবে সাপোর্ট দিয়েছে। সব মিলিয়ে আমি রান আউটে আশানুরূপ সাড়া পেয়েছি’। তবে চলচ্চিত্রটি মুক্তির পরও আবার এখন ছোটপর্দায় নিয়মিত সজল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘চলচ্চিত্রে নিয়মিত কাজ করার ইচ্ছে আছে। এরইমধ্যে নতুন কাজের কয়েকটি প্রস্তাব পেয়েছি। তবে সিনেমার গল্প ও অন্যান্য দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেবো।’
 
দীর্ঘদিন ধরে ধারাবাহিক নাটকেও তাকে দেখা যায় যাচ্ছে না। সজল বলেন, ‘ধারাবাহিকে একটা লম্বা সময়ের জন্য শিডিউল দিতে হয়। কিন্তু আমাকে আমার পারিবারিক ব্যবসাতে সময় দিতে হয়। যে কারণে আমি ধারাবাহিকের কাজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছি। আর এর পরিবর্তে একক নাটকেই বেশি কাজ করছি। কারণ একক নাটকে কাজের জন্য দীর্ঘদিনের সিডিউিল দরকার হয় না। যে কারণে কাজ করাটা আমার জন্য সুবিধা হয়। এখন ভালোবাসা দিবসের বিশেষ নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় কাটছে। এরইমধ্যে বেশ কয়েটি কাজ শেষ করেছি।’