‘নির্বাচনে ব্যাপক সহিংসতা চেয়েছিলেন খালেদা জিয়া’

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৫, ২২:৩১
 
কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, খালেদা জিয়া চেয়েছিলেন পৌর নির্বাচনে ব্যাপক সহিংসতা হোক, অনেক মানুষ হতাহত হোক। যাতে সহিংসতাকে পুঁজি করে আবারো সারাদেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করা যায়।
 
বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রামের দেওয়ানজী পুকুর লেনের নিজ বাসভবনে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
 
হাছান মাহমুদ বলেন, বিএনপির প্রথম থেকেই প্রচেষ্টা ছিল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা। নির্বাচন নিয়ে, নির্বাচন কমিশন নিয়ে, আইন-শৃংখলাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উত্থাপন করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা। সারাদেশে শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে জনগণ খালেদা জিয়ার সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে।
 
তিনি বলেন, সারাদেশে শান্তিপূর্ণ পৌরসভা নির্বাচনে বিএনপির ভরাডুবির মাধ্যমে প্রমাণ হয়েছে বিএনপি একটি জনবিচ্ছিন্ন দল। জনগণ বিপুল ভোটে আওয়ামী লীগ এবং নৌকা মার্কার প্রার্থীদের বিজয়ী করার মাধ্যমে প্রমাণ করে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। বিএনপি যে এতদিন পেট্রোল বোমার রাজনীতি করেছে, জঙ্গী আশ্রয়ী সন্ত্রাসনির্ভর রাজনীতি করেছে, পৌর নির্বাচনে এর সমুচিত জবাব পেয়েছে বিএনপি।
 
খালেদা জিয়াকে উদ্দেশ করে ড. হাছান মাহমুদ বলেন ‘পৌর নির্বাচনে ভরাডুবি ও ব্যর্থতার দায় নিয়ে আপনি দল থেকে পদত্যাগ করুন।
 
বিএনপি ভারাপ্রাপ্ত মহাসচিবের প্রতিক্রিয়ার জবাবে ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব একদিকে নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন তুলেছেন, অপরদিকে এই নির্বাচন কমিশনের অধীনে আগামীতে সব নির্বাচনে অংশ নেয়ারও ঘোষণা দিয়েছেন। এই প্রতিক্রিয়ার মাধ্যমে প্রমাণিত হয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিএনপি যে অভিযোগ তুলেছে তা অযৌক্তিক।
 
প্রেস ব্রিফিংয়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য আমিনুল ইসলাম আমিন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক আবদুস সালাম প্রমুখ।