যুক্তরাজ্যে বন্যা পরিস্থিতির অবনতি

আপডেট : ০১ জানুয়ারি ২০১৬, ০১:৪৭
ঝড় ফ্রাঙ্কের প্রভাবে যুক্তরাজ্যে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ইংল্যান্ডের বেশ কয়েকটি এলাকা, স্কটল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ড থেকে বহু লোককে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। বিভিন্ন জায়গায় বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এ অবস্থায় স্কটল্যান্ডের সীমান্ত শহর ডামফায়ারস, হাউইক এবং পিবেলস থেকে শত শত লোককে অন্যত্র নেয়া হয়েছে। খবর বিবিসির।
 
ইয়র্কশায়ারের অনেক এলাকা এখন বিদ্যুিবহীন অবস্থায় আছে। স্কটল্যান্ডে বন্যা  সতর্কতা জারি করা হয়েছে। পুরো যুক্তরাজ্যে এ সতর্কতা বহাল রয়েছে। আবহাওয়াবিদরা বলেছেন, কয়েকদিন আরো ভারি বৃষ্টিপাত থাকতে পারে। আর এ কারণে বন্যা সতর্কীকরণ জারি করা হয়েছে। ডামফায়ারস এবং গেলোওয়েতে এ পরিস্থিতি বেশি নাজুক। এখানকার নিথ নদীর পানি উপচে পড়ায় বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। হোয়াইটস্যান্ড অঞ্চলে বন্যা পরিস্থিতিকে জীবনের জন্য ঝুঁকিপূর্ণ বলে আখ্যায়িত করা হয়েছে। মফতাত এবং কারসফেইরমের বিদ্যুত্ বিচ্ছিন্ন রয়েছে। উদ্ধারকর্মীরা এসব এলাকার মানুষদের সরিয়ে আনছে। তাদের মালামালও নৌকায় করে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে। পেবেলস টুইড নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা সতর্কীকরণ বহাল রয়েছে। হাউইক এলাকা থেকে ৩শ ঘর-বাড়ির লোকজনকে সরিয়ে নেয়া হয়েছে। ভিক্টোরিয়া ব্যারাকে একশরও বেশি লোক ঘর-বাড়ি ছেড়ে সেখানে রাত্রিযাপন করেছে। এ ছাড়া উত্তর আয়ারল্যান্ডে হাজার হাজার ঘর-বাড়ির বিদ্যুত্ বিচ্ছিন্ন রয়েছে। রাস্তাঘাটে বাতাসে গাছ পড়ে যান চলাচলে বিঘ্ন ঘটছে।