মিউনিখে আইএসের হামলার আশঙ্কায় সতর্কতা

আপডেট : ০১ জানুয়ারি ২০১৬, ১৭:১২
 
জার্মানির মিউনিখে ইসলামিক স্টেটের (আইএস) আত্মঘাতী হামলার আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে। খালি করে ফেলা হয়েছে শহরের প্রধান দুটি রেলস্টেশন। 
 
জার্মানির পুলিশ কর্মকর্তারা জানান, একটি ‘বন্ধু’ গোয়েন্দা সংস্থা জানিয়েছে, আইএসের আত্মঘাতী বোমা হামলাকারীরা মিউনিখের দুটি প্রধান রেলওয়ে স্টেশনে হামলা চালাতে পারে। এর পরই শহরের প্রধান স্টেশন ও পাসিং স্টেশন খালি করে ফেলা হয়। সেখানে কোনো ট্রেন থামছে না।
 
এদিকে পুলিশের বিশেষ ইউনিটগুলো গত থেকে বৃহস্পতিবার থেকে অভিযান শুরু করে। দক্ষিণ বাভারিয়া থেকে অতিরিক্ত বাহিনী চাওয়া হয়েছে কেন্দ্রের কাছে। মিউনিখের পুলিশ প্রধান হুবার্টোস আন্দ্রা জানিয়েছেন, কাউকে গ্রেফতার করা না হলেও পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনীর ৫৫০ জন বিশেষ কর্মকর্তাকে প্রস্তুত রাখা হয়েছে।
 
এদিকে নাশকতার আশঙ্কার পরও প্রতি বছরের মতো মিউনিখে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে নববর্ষের উত্সব-আনন্দে সামিল হন। 
 
হামলার আশঙ্কায় ইউরোপের অনেক শহরে নতুন বছর উদযাপন উত্সব বাতিল বা সংক্ষিপ্ত করা হয়। নতুন বছরের আগের দিন সন্ধ্যায় হামলা পরিকল্পনা করার অভিযোগে বেলজিয়াম থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। রাজধানী ব্রাসেলসে নতুন বছর উদযাপনের সরকারি সব আয়োজন বাতিল করে কর্তৃপক্ষ। সূত্র: বিবিসি