ইরানের প্রেসিডেন্ট হাসান রোহানি দেশটির ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন। বিতর্কিত এই কর্মসূচি বন্ধ করতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা হুমকির পরও বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রীকে এই নির্দেশ দেন রোহানি।
গত জুলাইয়ে পশ্চিমা বিশ্বের ছয়টি দেশের সঙ্গে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করে ইরান। চুক্তি অনুযায়ী পরমাণু কর্মসূচি থেকে পিছিয়ে আসার প্রতিশ্রুতি দেয় দেশটি। এর বিনিময়ে অর্থনৈতিক অবরোধ শিথিল করে চুক্তিবদ্ধ দেশগুলো। ইরানের আশা ছিলো নতুন বছরের শুরুতে অবশিষ্ট অবরোধও তুলে নেয়া হবে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরানের ওপর নতুন করে অর্থনৈতিক অবরোধের প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। নতুন অবরোধের আওতায় বহুজাতিক কোম্পানি ও ব্যক্তিকে ইরানের সঙ্গে বাণিজ্যে বাধা দিবে যুক্তরাষ্ট্র। গত বছর ১০ অক্টোবর মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র 'এমাদ' পরীক্ষা করে ইরান। এই ঘটনার পর অর্থনৈতিক অবরোধের হুমকি দিয়েছিল যুক্তরাষ্ট্র। সূত্র: রয়টার্স
