‘বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের নেতা-কর্মীদের উচিত হবে অগ্নিসন্ত্রাসের রাজনীতি পরিহার করে নিয়মতান্ত্রিক রাজনীতির ধারায় ফিরে আসা। বিএনপি নতুন বছরে সন্ত্রাসের পথ পরিহার করে নতুনভাবে শুরু করবে জনগণ এমনটাই প্রত্যাশা করে।’
শুক্রবার সকালে জাতীয় শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত চলমান রাজনীতি শীর্ষক এক আলোচনা সভায় আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ এ মন্তব্য করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে দলটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত উপস্থিত ছিলেন।
হাছান মাহমুদ বিএনপির নেতাদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা সরকার ও নির্বাচন কমিশনের সমালোচনা না করে নিজেদের সমালোচনা করুন। নিজের দলের দিকে নজর দেন।পরবর্তী জাতীয় নির্বাচনের জন্য দল গুছান। আপনাদের জনগণ নির্ভর রাজনীতি করার আহ্বান জানাচ্ছি।’
আয়োজক সংগঠনের সিনিয়র সহ-সভাপতি খ্যাতিমান অভিনেতা এটিএম শামসুজ্জামান এতে সভাপতিত্ব করেন। এতে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য হোসনে আরা ডালিয়া, অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী, বলরাম পোদ্দার, হাসিবুর রহমান মানিক, এমএ করিম ও অরুণ সরকার রানা প্রমুখ বক্তব্য রাখেন।
