নববর্ষের উপহার: আইভরিকোস্টে ৩১শ কয়েদীর সাজা লাঘব

আপডেট : ০১ জানুয়ারি ২০১৬, ২০:১২
আইভরিকোস্টের প্রেসিডেন্ট আলাসানে ওয়াত্তারা বৃহস্পতিবার ইংরেজি নববর্ষ উপলক্ষে ৩ হাজার ১শ’ বন্দীর সাজা লাঘব করার ঘোষণা দিয়েছেন। নির্বাচন পরবর্তী রক্তক্ষয়ী সহিংসতায় জড়িত থাকার অভিযোগে এদের আটক করা হয়েছিল।
 
পশ্চিম আফ্রিকার দেশটিতে নির্বাচনের পর ২০১০-২০১১ সালে ৫ মাস ধরে চলা ভয়াবহ ওই সহিংসতায় প্রায় ৩ হাজার মানুষ প্রাণ হারায়। নির্বাচনে তৎকালীন প্রেসিডেন্ট লরাঁ বাগবো ক্ষমতাচ্যুত হন। বাগবো নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানান। এর পরিপ্রেক্ষিতে তার সমর্থক ও বিরোধীদের মধ্যে কয়েক মাস ধরে ভয়াবহ সহিংসতা চলে।
 
ওয়াত্তারা বলেন, ‘বন্দীদের সম্পূর্ণ ও আংশিক সাজা মওকুফের যে অধিকার আমার রয়েছে আমি তা ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি আরো বলেন, ‘এই সিদ্ধান্তের ফলে কয়েক হাজার বন্দী মুক্তি পাবেন। অন্যদের সাজার মেয়াদ লাঘব করা হবে।  সূত্র: এএফপি