চট্টগ্রামে জাল টাকাসহ এক দম্পতিকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টায় মহানগরীর খুলশী থানার লালখান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার দক্ষিণ সোনাপাহাড় (মকবুল মিস্ত্রি বাড়ি) এলাকার নজির আহম্মদের ছেলে মো. ইসমাইল হোসেন মাহিন ও তার স্ত্রী সানজিদা আক্তার নিপা (২০)।
মহানগর গোয়েন্দা (বন্দর-পশ্চিম) বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাজমুল হাসান জানান, লালখান বাজার ইস্পাহানি মোড়ের মিন্টুর চায়ের দোকানের সামনে জাল টাকা কেনাবেচার উদ্দেশে একটি চক্র জড়ো হচ্ছে-এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে ৪০ হাজার জাল টাকার নোটসহ এক দম্পতিকে হাতেনাতে আটক করা হয়। তাদের বিরুদ্ধ খুলশী থানায় একটি মামলা দায়ের হয়েছে।
