ফ্রান্সে মসজিদের সামনে সেনাসদস্যদের উপর হামলা

আপডেট : ০২ জানুয়ারি ২০১৬, ১১:১০
ফ্রান্সে একটি মসজিদ পাহারায় নিযুক্ত সেনাদের লক্ষ্য করে চালিয়ে নেওয়া একটি গাড়ির আঘাতে এক সেনা ও বয়োবৃদ্ধ এক মুসলিম ব্যক্তি সামান্য আহত হয়েছেন। শুক্রবার দেশটির দক্ষিণ ভেলেন্সে এক ব্যক্তি এ ঘটনা ঘটায় বলে জানিয়েছেন কর্মকর্তারা।
 
সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, সেনাদের গুলিতে ওই গাড়ির চালক গুরুতর আহত হয়েছেন, তবে তার প্রাণনাশের আশঙ্কা নেই। গাড়িচালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তার উদ্দেশ্য জানা যায়নি। তাকে শেষ খবর পাওয়া পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়নি। তদন্তের সঙ্গে ঘনিষ্ঠভাবে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, স্থানীয় গোয়েন্দা বিভাগের কাছে অপরিচিত ওই গাড়িচালকের বয়স ২৯ বছর। ভেইলেন্স থেকে গাড়ি পথে আধঘন্টার দূরত্বের লিওনের এক শহরতলী থেকে সে এসেছে। তার স্ত্রী হাসাপাতালে তাকে দেখতে এসেছেন বলে জানিয়েছে সূত্রটি।
 
আহত পথচারি মসজিদে নামাজ পড়তে এসেছিলেন। তার বয়স ৭২ বছর। সেনাদের ছোঁড়া লক্ষ্যভ্রষ্ট একটি গুলি তার পায়ে লাগে। গাড়ির আঘাতে আহত সেনাও পায়ে আঘাত পেয়েছেন। স্থানীয় এক নিউজ চ্যানেলকে ভেইলেন্সের মেয়র নিকোলাস দারাগোন বলেন, মসজিদটির সামনে চারজন সেনা ছিল। নামাজের দুই ওয়াক্তের মাঝে যখন অনেক মুসুল্লি নামাজ পড়তে আসেন, একটি গাড়ি তাদের দিকে চালিয়ে নেওয়া হয়।গাড়িচালক পাহারারত সেনাদের দুইবার আঘাত করার চেষ্টা করে, দ্বিতীয় চেষ্টার সময় সেনারা গুলি করে। ১৩ নভেম্বর রাজধানী প্যারিসে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের হামলায় ১৩০ জন নিহত হওয়ার পর থেকে উচ্চ সতর্কাবস্থায় আছে ফ্রান্স। সেনারা দেশজুড়ে সরকারি ভবন ও ধর্মীয় স্থানগুলোসহ স্পর্শকাতর সব এলাকা রক্ষায় নিয়োজিত আছে। বিবিসি।