গাজায় ইসরায়েলি বিমান হামলা

আপডেট : ০২ জানুয়ারি ২০১৬, ১৩:২৩
ইসরায়েলি বিমান বাহিনী শনিবার সকালে গাজা উপত্যকায় হামাসের বিভিন্ন অবস্থানে বিমান হামলা চালিয়েছে।  ইসরায়েলের দক্ষিণাঞ্চলে গাজা থেকে রকেট হামলা চালানোর কয়েক ঘণ্টা পর এ হামলা চালানো হলো।
 
ফিলিস্তিনি নিরাপত্তা সূত্র একথা জানিয়ে বলেছে, গাজা উপত্যকার দক্ষিণে রাফার উত্তরে বেইত হানুনের ৪টি অবস্থান লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী এ হামলা চালায়। এতে কেউ হতাহত হয়নি। ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, তাদের বিমান বাহিনী গাজা উপত্যকায় হামাসের ২টি সামরিক প্রশিক্ষণ কেন্দ্র ও ২টি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে।
 
এক বিবৃতিতে বলা হয়, গাজা উপত্যকা থেকে চালানো রকেট হামলার জন্য হামাস দায়ী। শুক্রবার রাতে গাজা উপত্যকা থেকে ইসরায়েলের দক্ষিণে ২টি রকেট হামলা চালানো হয়। তবে এতে হতাহত বা ক্ষতির কোন ঘটনা ঘটেনি। এএফপি।