দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তির দিন ৫ জানুয়ারি কর্মসূচি পালন করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের প্রচার সম্পাদক হাছান মাহমুদ এই তথ্য জানান।
এর আগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ৫ জানুয়ারি বিএনপি সমাবেশ করবে। সমাবেশের অনুমতির জন্য এরমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে আবেদন করা হয়েছে।
এক প্রশ্নের জবাবে হাসান মাহমুদ বলেন, ৫ জানুয়ারি আমাদেরও কর্মসূচি থাকবে। তা পরে জানিয়ে দেয়া হবে।
হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়া ২০১৩ ও ২০১৪ সালে সন্ত্রাস এবং আগুনে পুড়িয়ে মানুষ মেরে ক্ষমতায় আসতে চেয়েছিলেন। জনগণ তার সেই প্রচেষ্টায় সাড়া দেয়নি। এখন তিনি বলছেন, শিগগিরই সরকার পড়ে যাবে। সরকার গঠিত হয়েছে নির্বাচনের মাধ্যমে। ২০১৯ সালে আরেকটি নির্বাচন হবে। এর আগে যে সরকার পতনের কথা খালেদা জিয়া বলছেন, তার মানে তিনি অগণতান্ত্রিক উপায়ে সরকারের পতন ঘটানোর ষড়যন্ত্র করছেন।
গত বছর ৫ জানুয়ারি দশন সংসদ নির্বাচনের প্রথম বর্ষপূর্তিতে ‘গণতন্ত্র রক্ষা দিবস’ কর্মসূচি ছিল আওয়ামী লীগ। একই দিন বিএনপি ‘গণতন্ত্র হত্যা দিবস’ কর্মসূচির ঘোষণা দেয়। এরই দুইপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বিএনপির কর্মসূচিতে বাধা দেয়ায় দলের চেয়ারপারসন খালেদা জিয়া দেশব্যাপী লাগাতার অবরোধের ডাক দেন। তিন মাসের লাগাতার অবরোধে শতাধিক মানুষ মারা যান।
