নিউজিল্যান্ডে দুই অস্ট্রেলীয় পর্বতারোহীর মৃত্যু

আপডেট : ০২ জানুয়ারি ২০১৬, ১৪:৪৩
নিউজিল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় আল্পস থেকে নিচে পড়ে অস্ট্রেলিয়ার দুই পর্বতারোহীর মৃত্যু হয়েছে। শনিবার দেশটির পুলিশ একথা জানিয়েছে।
 
স্টুয়ার্ট জ্যাসন হোলাওয়ে (৪২) ও তার সঙ্গী ডেল অ্যামান্ডা থিস্টলেথওয়েইট (৩৫) গত এক মাস ধরে নিউজিল্যান্ডে ভ্রমণ ও পবর্তারোহণ করছিলেন। তাদের বাড়ি অস্ট্রেলিয়ার মেলবোর্নে। পুলিশের এরিয়া কমান্ডার ডেভ গাসকিন বলেন, হোলাওয়ে পর্বত আরোহণের একজন অত্যন্ত সম্মানিত ও অভিজ্ঞ গাইড ছিলেন। গাসকিন ফেয়ারফ্যাক্স নিউজিল্যান্ডকে বলেন, তার (হোলাওয়ে) নাম পর্বতারোহী মহলে সুপরিচিত। তিনি নিউজিল্যান্ড জুড়ে বহু পর্বত আরোহণ করেছেন। 
 
পর্বতারোহী দুজন ২৯ ডিসেম্বর ভোরে ৩ হাজার ৩০০ মিটার (১০হাজার ৮০০ফুট) মাউন্ট সিলবারহর্নের চূড়ার কাছ থেকে পড়ে যান বলে ধারণা করা হচ্ছে। সেখানে তারা ক্যাম্প করেছিলেন। তাদের দেহ পরস্পরের সঙ্গে দড়ি দিয়ে বাঁধা ছিল। ২৩ ডিসেম্বর একই এলাকায় নিকোলা অ্যানে অ্যান্ড্রিস (২৯) নামের অপর পবর্তারোহী পর্বতারোহণের সময় পড়ে মারা যান। তার বাড়িও মেলবোর্নে। এএফপি।