১ জানুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে শুরু হয়েছে বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব। সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নন্দন-মঞ্চে উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি-মন্ত্রী আসাদুজ্জামান নূর।
শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, স্বাগত বক্তব্য রাখেন একাডেমীর সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরী এবং ধন্যবাদ বক্তব্য রাখেন সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক সোহরাব উদ্দিন।
উৎসবে ৬৪ জেলার শিল্পকলা একাডেমীর শিল্পীরা তাদের সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করবেন। ১৮ জানুয়ারি শেষ হবে এ উৎসব। প্রতিদিন বিকেল সাড়ে ৪টায় একাডেমীর নন্দন-মঞ্চে সমবেত সঙ্গীত, সমবেত নৃত্য, একক সঙ্গীত, আবৃত্তি ও জেলার বৈশিষ্ট্যপূর্ণ পরিবেশনা উপস্থাপন করা হবে।
উৎসবে উদ্বোধনী সন্ধ্যায় বিভিন্ন পরিবেশনায় অংশ নেয় জয়পুরহাট, সিলেট, গোপালগঞ্জ, ময়মনসিংহ জেলার শিল্পীরা। শনিবার (২ জানুয়ারি) উৎসবের দ্বিতীয় সন্ধ্যায় অংশ নেবে হবিগঞ্জ, কুমিল্লা, ফরিদপুর ও রাজশাহী জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা।
