দ্রুত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা হবে: খালেদা জিয়া

আপডেট : ০২ জানুয়ারি ২০১৬, ১৮:০৪
 
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, খুব শিগগিরই সরকারের পরিবর্তন হবে। এই সরকারকে দ্রুত বিদায় করা হবে। খুনি জঙ্গিবাদী সরকারকে বিদায় করে গনতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা হবে। ডাকাতির ভোটে জিতে আনন্দ নেই।
 
বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
খালেদা জিয়া বলেন, ‘কোনো সরকারেরই স্থায়ীভাবে ক্ষমতায় থাকার কোনো সুযোগ নেই। এ সরকারও ক্ষমতায় চিরদিন থাকতে পারবে না। কিন্তু, আইনশৃঙ্খলবাহিনীর লোকদেরকে থাকতে হবে। খুব শিগগিরই দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এ সরকারের বিদায় হবে। তাই, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে নিরপেক্ষ থাকতে হবে। কারণ, সরকারের পরিবর্তন হলেও আপনাদের থাকতে হবে।’
 
খালেদা জিয়া বলেন, ‘দেশে এখন গণতন্ত্র নেই, এমনকি স্বৈরশাসনও নেই; দেশে এখন রাজতন্ত্র কায়েম হয়েছে। এক ব্যক্তির ইচ্ছায় দেশ চলছে। এখানে কোনো কিছু করতে হলে তাকে সালাম দিয়ে, সালামি দিয়ে করতে হয়।’
 

পৌর নির্বাচন প্রসঙ্গে বেগম খালেদা জিয়া বলেন, ‘নির্বাচনে ভোট ডাকাতি, ছিনতাই ও কারচুপির মাধ্যমে বিএনপির প্রার্থীদের বিজয় ছিনিয়ে নেয়ায় আমরা হাসিনা-রকিব মার্কা নির্বাচন প্রত্যাখ্যান করেছি। এ নির্বাচন মানি না। জনগণও মানে না।’