খালেদার নেতৃত্বে বিএনপির কোনো ভবিষৎ নেই: হানিফ

আপডেট : ০২ জানুয়ারি ২০১৬, ২০:০০
 
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, ‘খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির কোনো ভবিষ্যৎ নেই।’
 
শনিবার সন্ধ্যায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিটিউশনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
 
হানিফ বলেন, ‘পৌর নির্বাচনে দেশের জনগণ আরেকবার আপনাকে প্রত্যাখ্যান করেছে। দেশের ক্ষমতায় যেতে আপনি যে স্বপ্ন দেখছেন তা মানুষ কোনোদিন পূরণ করবে না।’
 
তিনি বলেন, ‘নির্বাচনের মাধ্যমে এটাও জনগণ আপনাকে বুঝিয়ে দিয়েছে যে, তারা নৈরাজ্য, সন্ত্রাস চায় না। জনগণ শান্তি ও উন্নয়ন চায়।’
 
খালেদা জিয়াকে উদ্দেশ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘আপনার দলের নেতারা কী বলছে একটু ধৈর্য ধরে শুনুন। তারা আপনার পদত্যাগ চায়। আপনার নেতৃত্বে বিএনপির কোনো ভবিষ্যৎ নেই বলেই আপনার দলের নেতারা এটা চাচ্ছে।’