১৭ বছরে পদার্পণ করেছে বাংলাদেশের চলচ্চিত্রের আর্কাইভ-খ্যাত অনুষ্ঠান ‘আমার ছবি’ । এ উপলক্ষে ৪ জানুয়ারি প্রচারিতব্য ৭২৪তম পর্বটি সাজানো বিশেষভাবে। এ পর্বে অংশ নিচ্ছেন সংগীতশিল্পী দিলরুবা খান। এই পর্বে স্মরণ করা হয়েছে দেশীয় চলচ্চিত্রের বিশাল-দেহী ভিলেন-অভিনেতা জাম্বুকে।
২০০০ সালের ২ জানুয়ারি বাণিজ্য-সফল পরিচালক এজে মিন্টুর সাক্ষাৎকার প্রচারের মধ্যদিয়ে ‘আমার ছবি’ যাত্রা শুরু করে। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন শফিউজ্জামান খান লোদী। পরিকল্পনা গ্রন্থনা ও নির্দেশনায় রয়েছেন শামীম আলম দীপেন ও শফিউজ্জামান খান লোদী।
এ প্রসঙ্গে শফিউজ্জামান খান লোদী বলেন- ‘আমার ছবি’ প্রচারে সুদীর্ঘ পথ অব্যাহত রাখার কৃতিত্ব চ্যানেল আই কর্তৃপক্ষ তথা ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ প্রশংসার দাবীদার। তাদের দুজনের ব্যক্তিগত ও আন্তরিক পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানটি ১৬ বছর পেরিয়ে পদার্পণ করেছে ১৭ বছরে’।
অনুষ্ঠানটির পরিকল্পনায় ভিন্নতা এবং বিষয় বৈচিত্র্যের কারণে শুরু থেকেই বিভিন্ন মহলের স্বীকৃতি অর্জনেও সক্ষম হয়েছে। আমাদের চলচ্চিত্র-সংস্কৃতির অতীত ইতিহাস সংগ্রহ এবং সংরক্ষণের সুদীর্ঘ পথ-পরিক্রমায় পরিশ্রমসাধ্য একটি সৃজনশীল অনুষ্ঠান ‘আমার ছবি’।
চলচ্চিত্র ও চলচ্চিত্র সংশ্লিষ্টদের প্রামাণ্য সংগ্রহশালা হিসাবে ইতোমধ্যে আখ্যা পেয়েছে ‘বেসরকারি আর্কাইভ’ হিসাবেও। এছাড়াও দেশের ইলেক্ট্রনিক মিডিয়ার ইতিহাসে চলচ্চিত্র বিষয়কতো বটেই, এমনকি সাপ্তাহিক অনুষ্ঠানের ক্ষেত্রেও রেকডের নানা অধ্যায় পেরিয়ে আসার কৃতিত্ব দেখিয়েছে ‘আমার ছবি’।
অনুষ্ঠানটির সূচনা সংগীত পরিচালনা করেছেন ইবরার টিপু। সূচনা সঙ্গীতে কণ্ঠ দিয়েছেন জুয়েল। অনুষ্ঠানটি সম্পাদনা করছেন একে আজাদ। চ্যানেল আইতে প্রচার হচ্ছে প্রতি সোমবার বিকাল ৫.৪৫ মিনিটে।
