‘উইনিং’র নতুন অ্যালবাম

আপডেট : ০২ জানুয়ারি ২০১৬, ২২:৫০
২০ বছর পর নতুন কোনো অ্যালবাম নিয়ে শ্রোতাদের সামনে হাজির হয়েছে ‘ইচ্ছে করে যাই চলে যাই অচিনপুরের’ ব্যান্ড ‘উইনিং’। ‘বহু-দূরে’ শিরোনামের এই অ্যালবামটি প্রকাশ পেয়েছে ২০১৬ সালের প্রথম দিনটিতে। ‘উইনিং’ এর এই অ্যালবামটি ১২ টি গান দিয়ে সাজানো হয়েছে।
 
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ব্যান্ডের বর্তমান চার সদস্য জামান আলী চন্দন (ভোকাল ও গিটার), মোহাম্মদ শামসুন নুর রঞ্জন (ড্রামস ও ভোকাল), এস এম মশিউর রহমান শেলী (বেজ), বিপ্লব আশরাফসহ (কিবোর্ড) দেশের অন্যতম সংগীত শিল্পী তপন চৌধুরী, ফোয়াদ নাসের বাবু, লাবু রহমান, আশিকুজ্জামান টুলু ও লাবিব মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
 
উল্লেখ্য, ৩৩ বছর বয়সী এই ব্যান্ডের প্রথম অ্যালবাম প্রকাশ পেয়েছিল ১৯৯১ সালে। শিরোনাম ছিল ‘উইনিং। এরপর ১৯৯৫ সালে প্রকাশিত হয় দ্বিতীয় অ্যালবাম ‘অচেনা শহর। এরপর ব্যান্ডের সদস্যরা দেশের বাইরে থাকায় নিয়মিত অ্যালবাম প্রকাশ করতে পারেনি। ব্যান্ডটির জনপ্রিয় গানগুলোর মধ্যে ওগো সোনা মেয়ে, ওই দূর পাহাড়ের ধারে, ইচ্ছে করে- গানগুলো এক সময় তরুণদের মুখে মুখে ছিল।