২০১৬ সালের মধ্যেই ২০০ কোটি মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৬, ০২:১৯
২০১৬ সালের মধ্যে বিশ্বে মোট ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৩২০ কোটি ছাড়িয়ে যাবে বলে জানিয়েছে গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশন (আইডিসি)। এর মধ্যে শুধুমাত্র মোবাইল ডিভাইসেই ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ২০০ কোটি ছাড়িয়ে যাবে। এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে সংস্থাটি। প্রতিবেদনে বলা হয়েছে, মোবাইল ডিভাইসে ইন্টারনেট ব্যবহারকারীর দিক থেকে সবচেয়ে বেশি এগিয়ে থাকবে ভারত, চীন এবং ইন্দোনেশিয়া।
 
‘ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা সারা বিশ্বেই বেড়ে চলেছে, তবে কিছু কিছু দেশে এ সংখ্যা দ্রুতই বৃদ্ধি পাচ্ছে। আর এদিক থেকে এগিয়ে আছে ভারত, চীন এবং ইন্দোনেশিয়া’ জানায় আইডিসি। সংস্থাটি আরও জানায়, আগামী পাঁচ বছরে যে পরিমাণ ইন্টারনেট ব্যবহারকারী বৃদ্ধি পাবে, তার অর্ধেকই হবে এ তিনটি দেশ থেকে।
 
মূলত স্বল্প মূল্যের মোবাইল ডিভাইস এবং সস্তা ইন্টারনেটের কল্যাণেই জনবহুল এ দেশগুলোতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। ভারতের ইন্টারনেট অ্যান্ড মোবাইল অ্যাসোসিয়েশন (আইএএমএআই)-এর তথ্যমতে, ২০১৫ সালের ডিসেম্বরের মধ্যে ৪০২ মিলিয়ন ইন্টারনেট ব্যবহারকারীর লক্ষ্যমাত্রা ছিল দেশটির যা এর আগের বছরের তুলনায় ৪৯ শতাংশ বেশি।
 
আইডিসি আরও জানিয়েছে, ২০২০ সাল পর্যন্ত প্রতি বছর ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ২ শতাংশ হারে বৃদ্ধি পাবে। তবে বিনামূল্যে কিংবা কম মূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ করে দিতে যদি আরও কোন নতুন উদ্যোগ নেওয়া হয়, তাহলে এই প্রবৃদ্ধি আরও বেশি হতে পারে। 
 
বর্তমানে বিশ্বের বিভিন্ন দুর্গম অঞ্চলের ইন্টারনেট সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর কাছে ইন্টারনেট সেবা পৌঁছে দিতে কাজ করছে শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। এর মধ্যে আছে গুগল, স্পেস এক্স এবং ফেসবুক। দুর্গম অঞ্চলে ইন্টারনেট সেবা দিতে ইন্টারনেট বেলুন এবং স্যাটেলাইট নিয়ে কাজ করছে এই প্রতিষ্ঠানগুলো।
 
আইডিসি’র মতে, আগামী পাঁচ বছরে ১০০ কোটিরও বেশি মানুষ তাদের ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করতে ইন্টারনেটের দ্বারস্থ হবে। এ ছাড়া ইমেইল পাঠানো কিংবা অনলাইনে খবর পড়বে ২০০ কোটিরও বেশি মানুষ। এর পাশাপাশি অনলাইনে কেনাকাটার পরিমাণও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।
 
শাহাদাত হোসেন