মোবাইলের জনপ্রিয় অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে ওরাকলের জাভা ‘অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস’ (এপিআই) ব্যবহার না করার ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট গুগল। তার পরিবর্তে নিজেদের ওএস এর পরবর্তী সংস্করণে ওপেন সোর্স ইন্টারফেস ‘ওপেনজেডিকে’ ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।
বিশ্বে এখনও গুগল অ্যানড্রয়েড দিয়ে মোবাইল অপারেটিং সিস্টেম (ওএস) খাতে একচ্ছত্র প্রভাব ধরে রেখেছে। পাঁচ বছর ধরে অ্যানড্রয়েড বিষয়ে গুগল ও ওরাকলের মধ্যে আইনি লড়াই শেষে এমনটি ঘোষণা দিয়েছে মার্কিন প্রতিষ্ঠানটি। তবে গুগল যে ওপেনজেডিকে ব্যবহার করবে সেটিও ওরাকলের নিজস্ব প্রোগ্রামিং ইন্টারফেসের ওপেন সোর্স সংস্করণ। ওরাকল ২০১০ সালে জাভা এপিআই নিয়ে গুগলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়। জাভা এপিআইয়ের সঠিক ব্যবহার করছে না গুগল এমন অভিযোগ করে আসছিল প্রতিষ্ঠানটি।
তবে ২০১২ সালে গুগলের পক্ষেই রায় দিয়েছিল মার্কিন জুরি বোর্ড। হাল না ছেড়ে ওরাকল শরণাপন্ন হয় মার্কিন ফেডারেল আদালতের। তবে ফেডারেল আদালত মামলাটি না নিয়ে আবার নিম্ন আদালতে পাঠিয়ে দেয়। গুগল পরবর্তীতে যে সংস্করণ আনছে তার নাম ‘অ্যানড্রয়েড এন’ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে নতুন এই সংস্করণ অ্যানড্রয়েড এন ডেভেলপারদের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে বলেও মনে করা হচ্ছে। অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম এখন জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। ওরসটিকে গ্রাহক বান্ধব করতে শুরু থেকেই গুগল কাজ করে আসছে। এখনও অপারেটিং সিস্টেমটিতে নতুন অ্যাপ ও ফিচার যুক্ত করা হচ্ছে। এনডিটিভি।
