খালেদা জিয়ার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ৩ মার্চ

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৬, ১২:৫০
সারাদেশে হরতাল ও অবরোধে ৪২ জনকে পুড়িয়ে মারার অভিযোগে হত্যা ও রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন আগামী ৩ মার্চ ধার্য করেছে আদালত।
 
গুলশান থানার ওসি প্রতিবেদন দাখিল না করায় রবিবার ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেন তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেন।
 
মামলার অপর তিনজন আসামি হলেন- চেয়ারপারসনের উপদেষ্টা ড. এমাজউদ্দিন আহম্মেদ, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী ও স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া।
 
গত ২ ফেব্রুয়ারি বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী মামলাটি দায়ের করলে আদালত গুলশান থানার ওসিকে এ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।