‌‘প্রান্তিক পর্যায়ে শিক্ষা নিশ্চিত হলেই সামগ্রিক উন্নয়ন’

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৬, ১৬:২০
 
প্রান্তিক পর্যায়ে শিক্ষা নিশ্চিত হলেই দেশের সামগ্রিক উন্নয়ন হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
 
প্রধানমন্ত্রী বলেন, প্রান্তিক পর্যায়ে শিক্ষা নিশ্চিত হলেই দেশের সামগ্রিক উন্নয়ন হবে।সেজন্য সরকার ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ সবার উন্নয়নে কাজ করছে। প্রতিটি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করে দেশকে এগিয়ে নেয়া হবে। উন্নত দেশ গড়তে হলে কাউকে অবহেলা করা যাবে না।
 
তিনি বলেন, শিক্ষা ছাড়া কোনো জাতি দারিদ্র্যমুক্ত হতে পারে না, সেজন্য আওয়ামী লীগ বরাবরই ক্ষমতায় এসে শিক্ষার ওপর গুরুত্ব দিয়েছে। শিক্ষার উন্নয়নে নানামুখী পদক্ষেপ নিয়েছে।
 
IMG0
 
প্রধানমন্ত্রী বলেন, হিজড়া সম্প্রদায়কে আমরা স্বীকৃতি দিয়েছি। এছাড়া হরিজনও রয়েছেন। বাংলাদেশ সবার। সব ধর্মের জন্য এই দেশ। সবার ধর্ম পালনের অধিকার রয়েছে। সমাজে প্রতিটি শ্রেণির মানুষের জন্য উন্নত জীবনই আমাদের লক্ষ্য, সে জন্য সবার দিকেই দৃষ্টি দিচ্ছি আমরা। 
 
শেখ হাসিনা বলেন, দেশের দুর্গম এলাকা পাহাড়ি জনপদে শিক্ষার উন্নয়ন করতে সেখানে আবাসিক স্কুল হবে। এছাড়া কোন এলাকার, কোন পয়েন্টে স্কুল করলে সেসব এলাকার শিশুরা পড়তে পারবে, সে বিবেচনায় আরো শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে হবে।
 
‘প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট’ এই অনুষ্ঠানের আয়োজন করে।