শিয়া নেতার মৃত্যুদণ্ড কার্যকরে বান কি মুনের নিন্দা

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৬, ১৪:৩৩
সৌদি আরবে শিয়া নেতা নিমর আল নিমর সহ ৪৭ জন বন্দির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় তীব্র নিন্দাজ্ঞাপন করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। সৌদি বিচার পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
 
শনিবার শীর্ষ শিয়া নেতা নিমর আল নিমর সহ ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকরের কথা ঘোষণা করে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই ৪৭ জনকেই জঙ্গি হিসেবে আখ্যায়িত করে সৌদি কর্তৃপক্ষ। মুসলিম শিয়া সম্প্রদায় নিমর আল নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনায় ফুঁসে উঠেছে। মধ্যপ্রাচ্যসহ সমস্ত দেশের শিয়া ধর্মাবলম্বীরা ক্ষোভ প্রকাশ করেছেন। এবার খোদ জাতিসংঘ মহাসচিবও ক্ষোভ প্রকাশ করেছেন। বান কি মুনের মুখপাত্র একটি বিবৃতিতে বলেছেন, শেখ আল নিমর ও অন্যান্য বন্দীদের যেভাবে অভিযুক্ত করা হয়েছে তাতে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ বিচার প্রক্রিয়ার ন্যায্যতা নিয়ে প্রশ্ন তোলার যথেষ্ট অবকাশ রয়েছে। 
 
বান বেশ কয়েকবার নিমরের বিষয়ে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছিলেন এবং সব মৃত্যুদণ্ড বাতিল করার জন্য আহ্বান জানিয়ে ছিল। বিবৃতিতে নিমরের মৃত্যুর পরে আঞ্চলিক শিয়া নেতাদের সাম্প্রদায়িক সহিংসতা এড়ানোর পরামর্শ দিয়েছেন। রয়টার্স।