মেক্সিকোয় বন্দুকধারীরা নবনির্বাচিত এক নারী মেয়রের বাড়িতে হামলা চালিয়ে শনিবার তাকে হত্যা করেছে। মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের মাত্র কয়েক ঘণ্টা পরেই তাকে হত্যা করা হল।
কংগ্রেসের সাবেক সদস্য গিসেলা মোতা (৩৩) টেমিক্সকো নগরীর মেয়র হিসেবে শপথ নেয়ার প্রায় ২৪ ঘণ্টা পর বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন। টেমিক্সকো রাজধানী মেক্সিকো সিটি থেকে প্রায় ৯০ কিলোমিটার (৫৫মাইল) দূরে অবস্থিত। টেমিক্সকো সংঘবদ্ধ অপরাধ ও মাদক পাচারের অভয়ারণ্য। গিসেলা নগরীটি থেকে সব ধরনের অপরাধ দূর করার অঙ্গীকার করেছিলেন। মধ্যাঞ্চলীয় মোরেলস রাজ্যের কর্তৃপক্ষ জানিয়েছে, দুই সন্দেহভাজন হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছে। অপর একজন পুলিশের হেফাজতে রয়েছে। রাজ্যের গভর্নর গ্রাসো রামিরেজ এই ঘটনায় জড়িতদের কাউকে রেহাই দেয়া হবে না বলে জানিয়েছেন। এএফপি।
