ওপার বাংলার খ্যাতিমান সংগীতশিল্পী অঞ্জন দত্ত সংগীত পরিবেশন করলেন ঝিনাইদহ এক্স-ক্যাডেটস অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী উপলক্ষে অনুষ্ঠানে। গত ২ জানুয়ারি সকাল ১১টায় কলকাতা থেকে যশোরের বেনাপোলে আসেন তিনি। এরপর সেখান থেকে সড়কপথে মাইক্রো-বাসে তিনি পৌঁছান ঝিনাইদহ সার্কিট হাউসে। সফর সঙ্গী হিসেবে তার সাথে ছিলেন পুত্র নীল দত্ত ও যন্ত্রশিল্পীরা।
সন্ধ্যায় ৬টায় সংগীত পরিবেশনের জন্য ঝিনাইদহ ক্যাডেট কলেজে আসেন তিনি। তাকে দেখে দর্শকরা উচ্ছ্বসিত হয়। টানা দুই ঘণ্টা নিজের জনপ্রিয় গানগুলো গেয়ে শোনান ৬২ বছর বয়সী এই শিল্পী। ফাঁকে ফাঁকে বলেছেন গানের গল্প, নিজের জীবনের গল্প। ঝিনাইদহ এক্স-ক্যাডেটস অ্যাসোসিয়েশনের দুই দিনের এই আয়োজনে প্রথম দিন সংগীত পরিবেশন করেন সাবিনা ইয়াসমিন, সৈয়দ আবদুল হাদী। পরদিন অঞ্জন দত্তর আগে গান শুনিয়েছেন মালা ও কর্নিয়া।
