চলচ্চিত্র নিয়ে আমি রাতারাতি হতাশ : আনিকা কবির শখ

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৬, ১৫:৫৪
ছোটপর্দা ও বড়পর্দা দুই মাধ্যম দিয়েই পুরো বছরটাই আলোচনায় ছিলেন অভিনেত্রী ও মডেল আনিকা কবির শখ। যদিও চলচ্চিত্রে সাফল্যে খানিকটা ভাটা পড়ে। তবে ছোটপর্দায় নিয়মিত থেকে সেই সমালোচনা কাটিয়ে গেছেন তিনি। নতুন বছরেও ক্যারিয়ারের সমীকরণটা একটু নতুন করেই সাজানোর পরিকল্পনা শখের।
 
বছরের শুরু থেকেই ব্যস্ত আছেন নাটক নিয়ে। তবে চলচ্চিত্র নিয়ে এ বছরেও কোনো পরিকল্পনা নেই তার। কারণ এ পর্যন্ত দু’টি চলচ্চিত্র মুক্তি পেলেও সফলতার মুখ দেখেনি চলচ্চিত্রগুলো। তাই চলচ্চিত্র প্রসঙ্গে এখন অনেকটা হতাশ শখ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ক্যারিয়ারে চলচ্চিত্র গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। এর আগে যে দু’টি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। যেগুলো তেমন ব্যবসা সফল হয়নি।  তাই ক্যারিয়ারে চলচ্চিত্র নিয়ে আমি রাতারাতি হতাশ। তাই চলচ্চিত্র নিয়ে এখন নতুন কোনো পরিকল্পনা নেই। তবে অবশ্যই চলচ্চিত্রে কাজ করতে চাই। তবে এর আগে গল্প, নির্মাতা ও বাজেট যাচাই করে কাজ করতে চাই। বিগ বাজেট চলচ্চিত্র ছাড়া অভিনয় করবো না।’
IMG0
শখ চলতি সময়ে একাধিক ধারাবাহিক নাটক ও একক নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি মোশাররফ করিমের সাথে জুটি বেঁধে ‘আমার ইচ্ছে করে না’ শিরোনামে একটি একক নাটকের শুটিং করলেন।
এছাড়াও ধারাবাহিক নাটকগুলোর নিয়মিত শুটিং করছেন। শখ বলেন, ‘অনেকদিন ধারাবাহিক নাটক থেকে দূরে ছিলাম। এখন একক নাটকের পাশাপাশি নিয়মিত ধারাবাহিক নাটকে অভিনয় করবো।’