তিন চবি শিক্ষার্থী আরো ৪ দিনের রিমান্ডে

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৬, ১৭:৩৭
 
জেএমবি সদস্য সন্দেহে গ্রেপ্তার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য দুটি মামলায় আরো চারদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
 
রবিবার চট্টগ্রাম মহানগর হাকিম নওরিন আক্তার কাঁকন রিমান্ড আবেদন শেষে এ আদেশ দেন বলে নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন)  কাজী মুত্তাকি ইবনু মিনান জানিয়েছেন।
 
তিনি বলেন, আসামিদের হাজির করে গত ৬ অক্টোবর বায়েজিদ থানার হত্যা ও বিস্ফোরক আইনে হওয়া মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন করে রিমান্ড চায় পুলিশ।
 
আদালত শুনানি শেষে তাদের হত্যা মামলায় তিন দিন ও বিস্ফোরক মামলায় একদিন করে রিমান্ড অনুমোদন করেন।
 
গত ২৬ ডিসেম্বর নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নাইমুর রহমান নয়ন, ফয়সাল মাহমুদ ও শওকত রাসেল নামে এই তিনজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
 
গ্রেপ্তারের পর ২৮ ডিসেম্বর তাদের গত ৬ অক্টোবর কর্ণফুলী থানার সন্ত্রাসবিরোধী আইনে হওয়া মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন করে রিমান্ডে নিয়েছিল পুলিশ।
 
গ্রেপ্তার তিনজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ছাত্র। গত ২৯ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই তিনজনের ছাত্রত্ব বাতিল করে।
 
গ্রেপ্তারকৃতদের  মধ্যে নয়ন ইসলামী ছাত্র শিবেরের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে পুলিশের দাবি।