ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সোমবার

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৬, ২১:৪৮
দেশের প্রাচীনতম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সোমবার। বাংলা, বাঙালির স্বাধীনতা ও স্বাধিকার অর্জনের লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ১৯৪৮ সালের ৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের জন্ম। ‘শিক্ষা, শান্তি ও প্রগতি’ স্লোগান নিয়ে প্রচীনতম এই ছাত্র সংগঠনের পথ চলা।
 
১৯৫২-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬২-এর শিক্ষা আন্দোলন, ৬৬-এর ছয় দফা ও ৬৯-এর গণঅভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দেয় ছাত্রলীগ। একাত্তরের মুক্তিযুদ্ধে তরুণ যোদ্ধাদের প্রথম সারিতেও ছিলেন এই সংগঠনের নেতাকর্মীরা। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রলীগ।
 
এর মধ্যে সোমবার সকাল সাড়ে ৬টায় ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই কর্মসূচি শুরু হবে। এরপর সকাল ৮টা ১ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে কেক কাটবেন ছাত্রলীগের নেতাকর্মীরা। একইদিন সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সমাবেশ শেষে বের করা হবে বর্ণাঢ্য শোভাযাত্রা।
 
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে বটতলায় অনুষ্ঠিত হবে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, ৬ জানুয়ারি টিএসসির সড়ক দ্বীপে দুঃস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ এবং ৭ জানুয়ারি টিএসসি মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিতরণ ও পাঠচক্রের আয়োজন করা হয়েছে।
 
৮ জানুয়ারি টিএসসির সড়ক দ্বীপে ‘ইতিহাস ও মুক্তিযুদ্ধ’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।