‘চলচ্চিত্রের মাধ্যমে শিশুদের কল্যাণে কাজ করতে চাই’

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৬, ০২:২৯
 
আবারও চলচ্চিত্রে অভিনয় করবেন জাদুশিল্পী জুয়েল আইচ। সম্প্রতি শিশুতোষ একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। চলচ্চিত্রে তিনি নিজের নাম ভূমিকায় অভিনয় করবেন।
 
‘প্রাচীর পেরিয়ে’ শিরোনামে এই চলচ্চিত্রটি জুয়েল আইচের দ্বিতীয় চলচ্চিত্র। এর আগে ১৯৮০ সালে আজিজুর রহমান পরিচালিত ‘ছুটির ঘণ্টা’ ছবিতে সর্বপ্রথম অভিনয় করেন এই জাদুশিল্পী। ছবিটি সর্বমহলে প্রশংসিত হয়। এরপর ৩৫ বছর পর আবারও সিনেমাতে অভিনয় করতে যাচ্ছে তিনি। চলচ্চিত্রটি প্রসঙ্গে তিনি বলেন, ‘শিশুদের জন্য কাজ করার একটা ইচ্ছে আমার সবসময়ই থাকে। চলচ্চিত্রের মাধ্যমে শিশুদের কল্যাণে কাজ করতে চাই। আমার প্রথম সিনেমা ‘ছুটির ঘণ্টা’র মতোই এই সিনেমাটিতেও আমি আমার নিজের নামেই অভিনয় করবো। এখানে আমার চরিত্রটি বন্ধুসূলভ আচরণের মাধ্যমে শিশুদেরকে বিভিন্ন ভালো দিকগুলো শিখিয়ে দেওয়া। ছবির সঙ্গে প্রাসঙ্গিকতা রেখেই চলতে থাকবে আমার চরিত্রটি। যেটা আমার ইচ্ছের সাথে মিলে গেছে।’ এছাড়া অনেকদিন পর চলচ্চিত্রে আবারও অভিনয় করা প্রসঙ্গে জুয়েল আইচ বলেন, ‘দীর্ঘসময় পর এ রকম একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছি। সত্যিই এটা অন্যরকম এক অনুভূতি।’ জাদুশিল্পীর পাশাপাশি চলচ্চিত্রে নিয়মিত হওয়ার ইচ্ছে আছে কি-না? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এভাবে কখনও চিন্তা করিনি। তবে গল্পের ধরন ও চরিত্রের গভীরতা মিলিয়ে যদি ভালো লাগে তবে আরও কাজ করতে পারি।’
 
 জুয়েল আইচ ছাড়াও এই চলচ্চিত্রে অভিনয় করবেন ফেরদৌস, সোহানা সাবা প্রমুখ। চলতি মাসেই চলচ্চিত্রটির শুটিং শুরু হবে।