সৌদি আরব মনোযোগ অন্যদিকে সরাতে পারবে না: ইরান

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৬, ১২:৪০
সৌদি আরব ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে শীর্ষ শিয়া ধর্মীয় নেতাকে মৃত্যুদণ্ড দেয়ার মতো বড় ধরনের ভুল থেকে বিশ্বের মনোযোগ অন্যদিকে সরিয়ে নিতে পারবে না। সোমবার ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা একথা বলেন। 
 
সৌদি আরব শীর্ষ শিয়া ধর্মীয় নেতা নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করলে এর প্রতিবাদে ইরানে সৌদি দূতাবাসে হামলা চালানো হয়। এর জবাবে তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয় রিয়াদ। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহাইনের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সৌদি আরব বিশ্বকে একজন শিয়া ধর্মীয় নেতার মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি ভুলিয়ে দিতে পারবে না।
 
সৌদি সরকার নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করলে এর প্রতিবাদে মধ্যপ্রাচ্যের শিয়া অধ্যুষিত দেশগুলোতে ব্যাপক বিক্ষোভ হয়। এই ঘটনার প্রতিবাদে তেহরানে সৌদি দূতাবাসে ও ইরানের দ্বিতীয় বৃহত্তম নগরী মাসহাদ নগরীর একটি কনস্যুলেটে হামলা চালানো হয়। এএফপি।