ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫০

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৬, ১২:৪৯
 
ফরিদপুরের ভাঙ্গায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে চার গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ৫০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে ও আট রাউন্ড গুলিবর্ষণ করেছে। সোমবার সকালে উপজেলার হামেরদী ইউনিয়নের মুনসুরাবাদ বাজারে এই সংঘর্ষ হয়।
 
আহতদের ভাঙা হাসপাতাল ও হাসিনা এমদাদ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া গুরুতর আহতদের মধ্যে পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
জানা গেছে, মুনসুরাবাদ হাইস্কুল মাঠে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে রবিবার সন্ধ্যায় মুনসুরাবাদ বাজারে দুলাল সাহার মিষ্টির দোকানে বিজয়ী ও পরাজিত দলের মাঝে মারামারি হয়। সে সময় আশরাফুল ও রবিউল নামের দুইজন আহত হন। আজ সকালে বাজার চলাকালে মুনসুরাবাদ গ্রামবাসীর বিপক্ষে মাঝিকান্দা, সিংগারডাক ও খাপুরা গ্রামের কয়েক হাজার গ্রামবাসী হামলা চালায়।
 
থানার উপ-পরিদর্শক শাখাওয়াত হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি ৮ রাউন্ড রাবার বুলেট বর্ষণ করে। এলাকা থমথমে ভাব বিরাজ করায় বাজার ও গ্রামের প্রবেশদ্বারে পুলিশ মোতায়েন রয়েছে একই সাথে র্যাব টহল দিচ্ছে।