দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূতি ৫ জানুয়ারি রাজধানীতে জনসভার অনুমতি দেয়া না হলে বিএনপি কোনো সাংঘর্ষিক কর্মসূচিতে যাবে না জানিয়েছেন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান ও নয়াপল্টনের যে কোনো এক জায়গায় জনসভার অনুমতি চেয়েছে বিএনপি। আমরা আশা করছি গণতন্ত্রের স্বার্থে সরকার এই অনুমতি দেবে। তারপরও তারা যদি অনুমতি না দেয়, তাহলে বিএনপি কোনো সাংঘর্ষিক কর্মসূচিতে যাবে না।
তিনি বলেন, ৫ জানুয়ারি নির্বাচনকে বিদেশের কোনো দেশ স্বীকৃতি দেয়নি। এ দেশের জনগণও মেনে নেয়নি। তাই আমরা গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে সমাবেশ করতে চাই। গণতন্ত্রকে ফিরিয়ে আনতে চাই। কিন্তু সরকার এর বিরুদ্ধে কথা বলতে না দিয়ে বিষয়টিকে ইস্যু করতে চায়। আমি মনে করি সরকারের শুভবুদ্ধির উদয় হবে।
সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, মো. শাহজাহানসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
