আমলাদের প্রতি ‘পক্ষপাতিত্বের’ কারণে বেতন বৈষম্য নিয়ে শিক্ষকসহ পেশাজীবীরা আন্দোলনে নেমেছে বলে দাবি করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
সোমবার এক বিবৃতিতে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ জাফর আহমেদ আন্দোলরত শিক্ষক ও পেশাজীবী সংগঠনগুলোর দাবির প্রতি সমর্থন জানিয়ে এক বিবৃতিতে এ কথা বলেন।
বিবৃতিতে অষ্টম জাতীয় বেতন কাঠামো সংশোধন করে ‘বৈষম্য, অসংগতি ’দূর করা এবং শিক্ষক ও পেশাজীবীদের ‘মর্যাদার অবনমন' দূর করারও দাবি জানানো হয়।
৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিগুলোর ফোরাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন গত শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক বৈঠকে ৭ জানুয়ারি সারা দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে দুই ঘণ্টা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালনেরও সিদ্ধান্ত নেয়।
সিপিবির বিবৃতিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় শিক্ষকরা সিলেকশান গ্রেড ও টাইমস্কেল বহাল এবং বেতন গ্রেডের সমস্যা নিরসনের দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে। ইতোমধ্যে দেশের ৩০৬টি সরকারি কলেজের শিক্ষকরা দুই পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছে।
