চট্টগ্রামেও সমাবেশের অনুমতি আওয়ামী লীগ-বিএনপির

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৬, ১৮:৪৭
জাতীয় নির্বাচনের দুই বছর পূর্তিতে ঢাকার মতো চট্টগ্রামেও আওয়ামী লীগ এবং বিএনপিকে পৃথক স্থানে সমাবেশ করার অনুমতি দিয়েছে পুলিশ।
 
দুই দলই লালদিঘী ময়দানে মঙ্গলবার সমাবেশের অনুমতি চেয়েছিল জানিয়ে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন) একেএম শহীদুর রহমান বলেন, আওয়ামী লীগকে শহীদ মিনার চত্বরে এবং বিএনপিকে নামিসন ভবনের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে।
 
২০১৪ সালের ৫ জানুয়ারি ওই নির্বাচনের মধ্য দিয়ে টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। বিএনপি ভোটে না থাকায় অর্ধেকের বেশি আসনে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। আওয়ামী লীগ দিনটিকেস ‘গণতন্ত্র রক্ষা দিবস’ এবং বিএনপি ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করার ঘোষণা দিয়েছে। নির্বাচনের দুই বছর পূর্তিতে লালদিঘী ময়দানে সমাবেশ করার অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন করেছিল চট্টগ্রাম নগর আওয়ামী লীগ ও বিএনপি।
 
নগর বিএনপির পক্ষে সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন ও আওয়ামী লীগের পক্ষে নগর কমিটির প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক অনুমতি চেয়ে পুলিশের বিশেষ শাখায় আবেদন করেন।
 
পুলিশ কর্মকর্তা শহীদুর রহমান জানান, বিএনপি ও আওয়মী লীগ দুই দলই লালদিঘী ময়দানে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করেছিল। এর প্রেক্ষিতে নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে বিএনপিকে এবং শহীদ মিনার চত্বরে আওয়ামী লীগকে সমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে।