আবারো পেছালো রনির চার্জ শুনানি

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৬, ১৯:৫২

রাজধানীর নিউ ইস্কাটনে জোড়া খুনের মামলায় মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনির বিরুদ্ধে চার্জ গঠন বিষয়ে শুনানি ফের পিছিয়ে ২ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত।

 

সোমবার চার্জ গঠন বিষয়ে শুনানির জন্য দিন ধার্য থাকলেও মামলার দায় থেকে অব্যাহতির জন্য সময়ের আবেদন করায় ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ সামছুন নাহার নতুন দিন ধার্য করেন।

 

এর আগে ২২ নভেম্বর সিনিয়র আইনজীবীর অনুপস্থিতির অজুহাতে চার্জ শুনানির জন্য আসামিপক্ষ সময়ের আবেদন করলে বিচারক ৪ জানুয়ারি দিন ধার্য করেন আদালত। এরও আগে ২৩  সেপ্টেম্বর আসামিকে আদালতে হাজির না করায় রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনের প্রেক্ষিতে ২২ নভেম্বর দিন ধার্য করেছিলেন বিচারক। গত বছরের ১৩ আগস্ট ঢাকার  মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল হক চার্জশিট গ্রহণ করে মামলাটি বিচারের উদ্দেশ্যে বদলির জন্য সিএমএম এর কাছে পাঠিয়ে দেন। এর মধ্য দিয়ে বখতিয়ারের প্রাডো গাড়ির চালক ইমরান ফকির মামলার দায় হতে অব্যাহতি পান। এরও আগে গত ২১ জুলাই মামলাটির তদন্ত কর্মকর্তা ডিবির উপ-পরিদর্শক (এসআই) দীপক কুমার দাস আদালতে এই চার্জশিট দাখিল করেন। দাখিলকৃত চার্জশিটে রনিই একমাত্র আসামি।

 

গত ১৩ এপ্রিল বখতিয়ার আলম রনির এলোপাথাড়ি গুলিতে দৈনিক জনকন্ঠের সিএনজিচালক ইয়াকুব আলী (৪০) ও রিকশাচালক আবদুল হাকিম (২৫) গুরুতর আহত হন এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ১৫ এপ্রিল বিকেলে রিকশাচালক হাকিম মারা যান। এরপর ওই তারিখেই রাতে রিকশাচালক হাকিমের মা মনোয়ারা বেগম রমনা থানায় একটি হত্যা মামলা করেন।