সৌদি আরবের পক্ষ নিলো বাহরাইন, সুদান, আমিরাত

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৬, ১৯:৫৯
ইরান ও সৌদি আরবের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই সৌদির পক্ষ নিয়েছে বাহরাইন, সুদান ও সংযুক্ত আরব আমিরাত। এর মধ্যে বাহরাইন ও সুদান ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন ও আরব আমিরাত তেহরানে তার কূটনীতিকদের মর্যাদা কমিয়ে দিয়েছে।
 
বাহরাইনের সংখ্যাগরিষ্ঠ মানুষ শিয়া মতাবলম্বী হলেও দেশের ক্ষমতায় রয়েছেন একজন সুন্নি বাদশাহ। আরব বসন্ত শুরু হওয়ার পর থেকে বাহরাইনের অভ্যন্তরীণ বিষয়ে ইরান হস্তক্ষেপ করছে বলে দেশটির অভিযোগ ছিলো। সেখান থেকেও ইরানি কূটনীতিকদের চলে যাওয়ার জন্য ৪৮ ঘণ্টা সময় বেধে দেয়া হয়েছে।
 
তেহরানে সৌদি দূতাবাস বিক্ষোভকারীদের দ্বারা আক্রান্ত হওয়ার পর শনিবার রাতে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয় সৌদি আরব। সেই সঙ্গে আগামী দুই দিনের মধ্যে ইরানি কূটনীতিকদের দেশ ছাড়তেও নির্দেশ দেয় তারা।
 
শীর্ষস্থানীয় শিয়া নেতা নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করা নিয়ে তীব্র কূটনৈতিক বাদানুবাদে জড়িয়ে পড়েছে সৌদি আরব ও ইরান। এর জের ধরে অঞ্চলটির দেশগুলোও এখন বিভক্ত হয়ে পড়তে শুরু করেছে।
 
শিয়া নেতা নিমরসহ ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি সরকার। এদের অধিকাংশের বিরুদ্ধেই জঙ্গি তৎপরতায় যুক্ত থাকার অভিযোগ আনা হয়েছিল। তবে ইরানের বক্তব্য, শিয়া হওয়ার কারণেই সৌদি সরকারের প্রতিহিংসার শিকার হয়েছেন নিমর। এর জন্য সৌদি আরবকে ‘কঠোর পরিণতি’ ভোগ করতে হবে বলেও হুঁশিয়ার করেছিল ইরান।
 
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তেহরানে দূতাবাসে হামলাকে আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টি করার অজুহাত হিসেবে ব্যবহার করছে রিয়াদ। এর মাধ্যমে তারা নিমরের মৃত্যুদণ্ডের বিষয়টি থেকে বিশ্ববাসীর নজর সরিয়ে নেয়ার চেষ্টা করছে। সূত্র: বিবিসি