আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ভাষা আন্দোলন ও একাত্তরের মহান মুক্তিযুদ্ধসহ এ দেশের প্রতিটি স্বাধিকার ও গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রলীগ সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। আজকে স্বাধীনতা বিরোধী শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে। মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ করছে। এসব পাকিস্তানিদের দোসরদের রুখে দিতে হবে ছাত্রলীগকেই। মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে হবে তরুণ প্রজন্মের মাঝে।
ছাত্রলীগের ৬৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলার বোচাগঞ্জ উপজেলা ছাত্রলীগের এক সমাবেশে তিনি এসব কথা বলেন। ছাত্রলীগের গৌরবোজ্জল অতীত ইতিহাস তুলে ধরে তিনি সবাইকে বঙ্গবন্ধু শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে গড়ে উঠার আহ্বান জানান। উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক পার্থ সরকারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন আবু সৈয়দ হোসেন, আফছার আলী, পারভেজ আহমেদ চৌধুরী পরাগ।
সমাবেশ শেষে বিকেলে বিরল উপজেলার ফারাক্কাবাদ ইউনিয়নের মাগুড়াবান ধন্যসাহার ঘাটে পুর্নভবা নদীর উপর প্রায় ১০ কোটি টাকা ব্যায়ে নব নির্মিত ব্রীজ ও রাবার ড্যামের উদ্ধোধন করেন। রাবার ড্যামের আওতায় এক হাজার হেক্টর জমি পানি সেচের ব্যবস্থা হবে। সভা শেষে রাবার ড্যামের উজানে মৎস্য অবমুক্ত করেন তিনি। সেখানে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনা করছে বলেই মরা নদী নতুন ভাবে জীবিত হয়েছে। অর্থনৈতিক ভাবে দেশ এগিয়ে যাচ্ছে।
