৩৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৬, ২১:৩৩
 
৩৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ৮ জানুয়ারি শুক্রবার এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। আসন বিন্যাস অনুসারে ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে ১৬১টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
 
আসন বিন্যাস পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাবে: (http://www.bpsc.gov.bd/)। পিএসসি সূত্র অনুসারে এই পরীক্ষায় ২ লাখের বেশি পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
 
এই বিসিএস পরীক্ষার সময় হাতঘড়ি, পকেট ঘড়ি, ইলেকট্রনিক ঘড়ির ব্যবহার নিষিদ্ধ করেছে পিএসসি। পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। তবে সময় জানার জন্য পরীক্ষার হলে প্রয়োজনীয় সংখ্যক দেয়াল ঘড়ি থাকবে।
 
বিজ্ঞপ্তির শর্তানুযায়ী, ৮ জানুয়ারি অনুষ্ঠেয় ৩৬তম বিসিএস বাছাই পরীক্ষায় মুঠোফোন, সব ধরনের ইলেকট্রনিক যোগাযোগযন্ত্র, ক্যালকুলেটর, বই-পুস্তক এবং ব্যাগসহ পরীক্ষার হলে প্রবেশ শাস্তিযোগ্য অপরাধ।
 

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পরীক্ষার হলে কোনো পরীক্ষার্থীর কাছে মুঠোফোন, ঘড়ি, ইলেকট্রনিক যোগাযোগযন্ত্র, ক্যালকুলেটর, বই-পুস্তক এবং ব্যাগ পাওয়া গেলে তা বাজেয়াপ্তসহ প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে। একই সঙ্গে পিএসসির ভবিষ্যত্ নিয়োগ পরীক্ষার জন্যও ওই প্রার্থীকে অযোগ্য ঘোষণা করা হবে। ৫৪২টি সাধারণ ক্যাডারের পদসহ মোট দুই হাজার ১৮০টি শূন্য পদে নিয়োগ দিতে ৩৬ তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি।