প্রযুক্তি প্রতিষ্ঠান আসুস 'জেনফোন ম্যাক্স' নামে একটি সাশ্রয়ী ডিভাইস উন্মোচন করেছে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ হাজার ৮৪০ টাকা দাম পড়বে। স্মার্টফোনটিতে ৭২০ পিক্সেল রেজ্যুলেশনের ৫.৫ ইঞ্চি আইপিএস ডিসপ্লে রয়েছে, ডিসপ্লে সুরক্ষায় রয়েছে গরিলা গ্লাস ৪।
জেনফোন ম্যাক্সে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে, যা এই ফোনের সবচেয়ে শক্তিশালি বৈশিষ্ট্য। সম্পূর্ণ চার্জে এই ব্যাটারি দিয়ে স্ট্যান্ডবাই মোডে ডিভাইসটি ৯১৪ ঘণ্টা সচল থাকবে এবং একটানা ৩৮ ঘণ্টা কথা বলার সুযোগ দেবে।
ভিডিও করা এবং ছবি তোলার জন্য স্মার্টফোনটিতে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা থাকছে, যাতে ডুয়েল এলইডি ফ্ল্যাশ এবং লেজার অটোফোকাস রয়েছে। ভিডিও চ্যাট ও সেলফি তোলার জন্য এতে রয়েছে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরায় ব্যবহার করা হয়েছে ৮৫ ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স।
ডুয়েল সিম সুবিধার স্মার্টফোনটিতে থ্রিজির পাশাপাশি ফোরজি নেটওয়ার্ক সমর্থন সুবিধা রয়েছে। এর অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ ভিত্তিক জেন ইউআই ২.০।
