ইত্তেফাক তারকা আড্ডা

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৬, ০০:২০
তখন সূর্য পশ্চিম আকাশে লাল হয়ে আসছিল। এ সময় ইত্তেফাক অফিসে উদয় হলো জনপ্রিয় তিনজন তারকার। তারপর শুরু হলো আড্ডা।
ইত্তেফাকের তারকা আড্ডায় আজ উপস্থিত ছিলেন  চিত্রনায়ক নীরব, আরজে ও অভিনেতা নীরব এবং সঙ্গীতশিল্পী নওমি।
গতবছর বিয়ের শুভ কাজটি বেশ নাটকীয়তার সঙ্গে সেরে ফেলেছেন চিত্রনায়ক নীরব। চলচ্চিত্রের নীরব বাস্তবেও নায়ক।
চলচ্চিত্রে নায়িকাকে নিয়ে পালিয়ে যাওয়ার গল্পের সঙ্গে বাস্তবের গল্পের মিল কতটুকু? এমন প্রশ্নের জবাবে একটা হাসি দিয়ে নীরব বললেন ‘বাস্তব ঘটনাটি চলচ্চিত্রের মতো সহজ ছিল না। চলচ্চিত্রের চেয়ে আমার বাস্তব জীবনের গল্পটা আরও জটিল। তবে এখন সবার দোয়ায় ভালো আছি।’ 
IMG0
সবাই নীরবের বিয়ের গল্প শুনছিলেন বেশ মনোযোগ দিয়ে। এরপর কথার পর্বে এলেন আরজে ও অভিনেতা নীরব। দেশের তারকা আরজে তালিকায় অন্যতম একটি নাম নীরব। স্বাভাবিকভাবেই মেয়ে ভক্তদের বিড়ম্বনায় পড়তে হয় আরজেদের। নীরবের কাছে ছুড়ে দেওয়া হলো এমনই একটি প্রশ্ন। একটু নড়েচড়ে বসেই হ্যাঁ সূচক মাথা নাড়লেন তিনি। বললেন, ‘মেয়েরা রেডিওর প্রধান শ্রোতা, আর আরজেদের মধ্যে ছেলে সংখ্যাই বেশি। তাই স্বাভাবিকভাবেই ছেলে আরজেদের বিড়ম্বনায় পড়তে হয়। আমার ক্যারিয়ারেও এমন হয়েছে।’ 
 
সঙ্গীতশিল্পী নওমি এতক্ষণ চুপ করে সবার কথা খুব মনোযোগ দিয়ে শুনছিলেন। পাশাপাশি মোবাইলেও খানিকটা উঁকিঝুকি মারছিলেন। ক্ষুদে গানরাজ থেকে আসা নওমি এখন আর ক্ষুদে নেই। বাচ্চাসূলভ আচরণেও এসেছে বড়দের আভাস।
 
‘ক্ষুদে নওমি’ পরিচয়ের ব্যাপারে তিনি বললেন, ‘ক্ষুদে গানরাজ আমাকে প্লাটফর্ম দিয়েছে তাই আমি এই পরিচয়ে বিব্রতবোধ করি না। তবু মাঝেমধ্যে মনে হয় এখন তো আমি একটু বড় হয়েছি।’ আড্ডা আমাদের ততক্ষণে জমে উঠেছে। আড্ডার বাকি অংশ আসছে শিগগির ইত্তেফাকের পাতায়।