এই প্রথম কোনো ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠানের বর্ষপূর্তি উপলক্ষে শিল্পী-সাহিত্যিকদের সম্মাননা দেওয়া হলো। ঐতিহ্যবাহী জুয়েলারী প্রতিষ্ঠান আমিন জুয়েলার্স-এর ৫০ বছর পূর্তি উপলক্ষে গুণীজন সম্মাননা পেলেন দেশসেরা ২৭ জন গুণী।
গত শনিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেম-এ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা তুলে দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তিন সদস্যের জুরি বোর্ড গুণীদের মনোনয়ন দেন।
সম্মাননা পাওয়া ২৭ গুণীজন হলেন রাজ্জাক (অভিনেতা), রুনা লায়লা (সঙ্গীতশিল্পী), মহাদেব সাহা (কবি ও সাংবাদিক), মুর্তজা বশীর (চিত্রশিল্পী), মুস্তাফা মনোয়ার (চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব), যতীন সরকার (চিন্তাবিদ ও লেখক), সুকুমার বড়ুয়া (ছড়াকার), সুধীন দাশ (নজরুল সঙ্গীতশিল্পী), সৈয়দ শামসুল হক (কবি, নাট্যকার ও কথাসাহিত্যিক), হাসান আজিজুল হক (কথাসাহিত্যিক) এবং হুমায়ূন আহমেদ (কথা সাহিত্যিক-মরণোত্তর)।
একটি জুয়েলারী প্রতিষ্ঠানের বর্ষপূর্তি নিয়ে এ ধরনের অনন্য আয়োজন প্রসঙ্গে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান কাজী সিরাজুল বলেন, গুণীদের এতো বড় মিলনমেলা বাংলাদেশে বলা চলে নজিরবিহীন উদ্যোগ। সরকারের বাইরে ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান এটা কমই করতে পেরেছে। গুণীদের পথ অনুসরণ করে দেশকে এগোনোর সংকল্প নেওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে সম্মাননা নেওয়ার পাশাপাশি গান গাইলেন রুনা লায়লা। এ ধরনের আয়োজন প্রসঙ্গে দেশবরেণ্য শিল্পী রুনা লায়লা বলেন, ‘আমার কাছে এই ধরনের উদ্যোগকে সত্যিকার অর্থেই অনন্য মনে হয়েছে। নিজেদের প্রতিষ্ঠানের যুগপূর্তির এই আয়োজনে অন্যরাও অনুপ্রাণিত হবে বলে আমার বিশ্বাস। কারণ শিল্পীকে সম্মান দিতে জানলেই শিল্প সমৃদ্ধ হয়।’ মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন ফাতেমা-তুজ জোহরা, ইমরান, পড়শি, অপি করিম, চাঁদনী প্রমুখ।
