ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কও ছিন্ন করলো সৌদি আরব

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৬, ১০:৪৩
সৌদি আরব ইরানের সঙ্গে সব ধরণের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করছে। শিয়া নেতা শেখ নিমর আল নিমরের মৃত্যুদণ্ড দেয়া নিয়ে দুদেশের মধ্যে উত্তেজনা যে চরমে উঠেছে তারই প্রেক্ষিতে এখন বিমান যোগাযোগ বিচ্ছিন্ন করার কথাও বলেছে সৌদি আরব।
 
এর আগে তেহরানের সৌদি আরবের দূতাবাসে ভাংচুর করা হলে তাদের সাথে সব কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল সৌদি আরব। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের বার্তা সংস্থা রয়টার্সের সাথে এক সাক্ষাতকারে বাণিজ্যিক সম্পর্ক ছেদ করার কথা বলেন। তবে তিনি জানিয়েছেন, সৌদি আরবের মক্কা ও মদিনার পবিত্র স্থানে ইরানের নাগরিকরা যেতে পারবেন। পররাষ্ট্র মন্ত্রী বলছেন ইরানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার কারণ বছরের পর বছর ধরে তাদের আগ্রাসী নীতি। বিশেষ করে গত কয়েক মাসের তাদের আচরণের জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি বাণিজ্যিক সম্পর্ক সহ সব সম্পর্ক ছিন্ন করার। এদিকে শিয়া নেতার মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনার জেরে সৌদি আরব ইরানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর সোমবার আরও তিনটি দেশ বাহরাইন, সুদান এবং সংযুক্ত আরব আমিরাতও ইরানের সাথে কূটনৈতিক সম্পর্কচ্ছেদের কথা ঘোষণা করেছে। বিবিসি।