রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভা করবে বিএনপি। এরই মধ্যে প্রস্তুতি প্রায় শেষ করেছে দলটি। মঙ্গলবারের এই জনসভায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অংশ নেবেন।
দশম জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বেলা আড়াইটায় সমাবেশ করবে বিএনপি। সকালেই মঞ্চ তৈরির কাজ শেষ হয়েছে। মঞ্চের ব্যানারে লেখা হয়েছে, ‘৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে বিএনপির জনসভা।’
IMG0
নয়া পল্টন সড়কের বিভিন্ন লাইট পোস্টে লাগানো হয়েছে অর্ধশতাধিক মাইক।
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনসভার সব প্রস্তুতি আমরা শেষ করে এনেছি। জনসভা আনুষ্ঠানিকভাবে শুরু হবে বেলা দুইটায়। এখন শুধু আমরা দেশনেত্রী খালেদা জিয়ার অপেক্ষায় আছি।
IMG1
তিনি বলেন, আমরা স্পষ্টভাষায় বলতে চাই, আমাদের জনসভা হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ। দুপুরে নেতা-কর্মীদের যানবাহনে করে কোনো যানজটের সৃষ্টি না করে জনসভায় আসতে আমরা আমাদের মহানগরের সকল ইউনিটের নেতাদের নির্দেশ দিয়েছি।
ক্ষমতাসীন আওয়ামী লীগও এদিন বঙ্গবন্ধু এভিনিউ ও ধানমণ্ডি ৩২ নম্বরে সমাবেশ করছে। দিনটি তারা উদযাপন করছে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ হিসেবে।
