ঘুষের মামলায় সাক্ষ্য দিতে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্টকে তলব

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৬, ১৫:০৪
একজন লিস্টের বিরুদ্ধে ব্যবসার স্বার্থে আইন পরিবর্তনে ঘুষ দেওয়ার অভিযোগে চলা মামলায় প্রত্যক্ষদর্শী হিসেবে সাক্ষ্য দিতে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলা দ্য সিলভাকে আদালতে তলব করা হয়েছে। ব্রাজিলের স্থানীয় গণমাধ্যমগুলো সোমবার এ খবর জানিয়েছে। 
 
প্রকাশিত প্রতিবেদনগুলোতে বলা হয়, অভিযুক্ত কারাবন্দী লবিস্ট আলেকজান্দার পায়েস দোস সান্তোসের আইনজীবীর অনুরোধে ২৫ জানুয়ারি লুলা ও অন্যান্য সাবেক ও বর্তমান কর্মকর্তা, যাদের মধ্যে অর্থমন্ত্রী দিয়গো দ্য অলিভেইরাও আছেন-আদালতে সাক্ষ্য দেবেন।  তবে প্রকাশিত প্রতিবেদনগুলো তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। বিষয়টি নিশ্চিত করার জন্য লুলার একজন মুখপাত্রের সঙ্গে ইমেইল যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তিনি সাড়া দেননি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 
 
ডিসেম্বরে একই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য লুলাকে ডেকে পাঠিয়েছিল দেশটির কেন্দ্রীয় পুলিশ। একই মামলার সঙ্গে লুলার ছেলে লুইস ক্লাউদিও জড়িত আছেন। তবে এই মামলায় লুলার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত লুলা ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন। ওই সময় আইন পরিবর্তন করে নিজেদের পক্ষে নেওয়ার জন্য ঘুষ দেওয়ার দায়ে পায়েস দোস সান্তোস অভিযুক্ত হয়েছেন।
 
রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি পেট্রোব্রাসের দুর্নীতির সঙ্গে জড়িত আছেন এমন সন্দেহে লুলার রাজনৈতিক দল ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে তদন্ত চলছে। এই তদন্তে বাধা দেওয়ার অভিযোগে নভেম্বরে সরকারি দলের সিনেট নেতা সিনেটর দেলসিদিয়ো দো আমারালকে গ্রেপ্তার করা হয়। রয়টার্স।