জিমে’ই ব্যস্ত ইমন

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৬, ১৮:২৯
চলচ্চিত্রে প্রতিষ্ঠার পণ করেই মাঠে নেমেছেন আঁট ঘাট বেঁধে। এখনও প্রায় প্রতি সপ্তাহে দু’ একটা নাটকের অফার ফিরিয়ে দেন। কারণ চলচ্চিত্রের প্রতি যেহেতু আত্মপ্রত্যয়ী হয়েছেন তাই এটা নিয়ে নিজেকে সফলতার শেষ সূচকটাও মেপে নিতে চান তিনি। ঢাকায় চলচ্চিত্রে দিনকে দিন বেড়েই চলছে তারকাদের প্রতিযোগিতা। সেক্ষেত্রে নিজেকে ঝালাই করার পথে অনেকটা এগিয়ে ইমন। গেল বছর ‘পদ্ম পাতার জল’ ছবিটি বক্স অফিসে তেমন একটা সফলতার মুখ না দেখলেও সর্ব মহলে প্রশংসিত হয়েছে।
 
তবে ইদানীং শুটিং ফ্লোরের চেয়ে বেশি যাচ্ছেন জিমে! কথাটা খানিক খটকা মনে হলেও এটাই সত্য ঘটনা। কারণ নতুন ছবির জন্য এরই ভিতরে নির্মাতারা তাকে আরও দশ কেজি ওজন ঝরাতে বলেছেন। এ বিষয়ে চিত্র নায়ক ইমন ইত্তেফাককে জানান, ‘বর্তমানে ঢাকায় চলচ্চিত্রে প্রতিযোগিতা বেড়েই চলছে। নতুন প্রজন্মের অনেকেই এখন চলচ্চিত্র মুখী। তাই আমি এখন সব ধরনের প্রতিযোগিতায় নিজেকে সচল রাখার জন্য প্রস্তুতি নিচ্ছি। এছাড়া সামনে আমার কিছু নতুন চলচ্চিত্রের কাজ শুরু হতে যাচ্ছে। সব দিক খেয়াল রেখেই আমি প্রস্তুতি চালিয়ে যাচ্ছি। আর প্রস্তুতির অংশ হিসেবে আমি জিম শুরু করেছি।’
 
এর ভিতর ইমন তার নতুন চলচ্চিত্রের বাইরে বেশ ক’টি বিজ্ঞাপনের কাজও করছেন। খুব শিগগিরই তা বিভিন্ন চ্যানেলে অন এয়ার হবে বলেও জানান তিনি।
 
উল্লেখ্য, এ পর্যন্ত ইমন দারুচিনি দ্বীপ, এক বুক ভালবাসা, গহিনে শব্দ, লাল টিপ, পরবাসিনী ও পদ্ম পাতার জল শিরোনামের মত জনপ্রিয় সব চলচ্চিত্রে অভিনয় করেছেন।